রাজধানীর শ্যামপুরে এক ক্রোকারিজ ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ১২টার দিকে শ্যামপুরের বোম্বে ফ্যাক্টরি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মোহাম্মদ সুমন (৩০)। তিনি জুরাইনের রহমান প্লাজার সিয়াম ক্রোকারিজের সত্ত্বাধিকারী। গুলিবিদ্ধ হওয়ার পর তৎক্ষণাৎ সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন আবুল কালাম নামে তার এক প্রতিবেশী ব্যবসায়ী। সুমন বলেন, দুপুরে আমি বোম্বে ফ্যাক্টরি সংলগ্ন ব্র্যাক ব্যাংকে টাকা তুলতে যাই। ব্যাংকের লেনদেন শেষে রিকশায় উঠি। এসময় আমার সঙ্গে ছিলেন প্রতিবেশী দোকানদার আবুল কালাম।
সুমন জানান, তারা ব্যাংক থেকে রিকশাযোগে ফেরার পথে বোম্বে ফ্যাক্টরির সামনের সড়কে পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেল যোগে গতিরোধ করে। এরপর সুমনের ডান পায়ে গুলি করে তার হাতের ব্যাগে থাকা পাঁচ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ঢামেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎক ডা. ইশতিয়াক মিয়া জানান, সুমনের পায়ে গুলির চিহ্ন রয়েছে। আমরা তার পা এক্স-রে করার জন্য পাঠিয়েছি। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।




