সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি ভেজাল তেল কারখানায় অভিযান চালিয়ে পাঁচ হাজার লিটার সরিষা তেল বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল তেল উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে অপর একটি কারখানা সিলগালা ও দুই ব্যবসায়ীর প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। শনিবার বিকেলে উপজেলার পুঁর্ণিমাগাতি ইউনিয়নের গয়হাট্টা বাজারে এ অভিযান পরিচালনা করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম। ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া র্যাব-১২ এর অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক ও সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার মো. হাসিবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী চাল কলের আড়ালে ভেজাল সরিষার উৎপাদন ও বিক্রি করছে খবরে অভিযান চালানো হয়। এ সময় বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী আব্দুল গণি প্রামাণিক (৪৬) এবং একই এলাকার ব্যবসায়ী মোকসেদ আলী প্রামাণিক (৭০) ভেজার সরিষা উৎপাদনের কথা স্বীকার করেন। পরে তাদের এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় অপর একটি মিলের মালিক ডা. কামাল হোসেন (৪৬) পালিয়ে গেলে তার কারখানা সিলগালা করা হয়। পরে দুই কারখানা থেকে জব্দকৃত পাঁচ হাজার লিটার ভেজাল সরিষার তেল স্থানীয় বাজার মাঠে মাটিতে ঢেলে বিনষ্ট করা হয়।




