‘বিএনপি ক্ষমতায় থাকাকালে বলেছিল আমি নাকি বিরোধীদলের নেতাও হতে পারবো না। এতো বড় ভাগ্য গণনা তারা কীভাবে করতো?’- এমন প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত স্মরণসভায় তিনি এ প্রশ্ন করেছেন। ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে এ সভার আয়োজন করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, তারা নানাভাবে অপপ্রচার চালিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকতে বলেছিল, আমি নাকি বিরোধীদলের নেতাও হতে পারবো না। এতো বড় ভাগ্য গণনা তারা কীভাবে করতো? গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াতের সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। ওই হামলায় যারা জড়িত ছিল তাদের দেশের বাইরে চলে যেতে সহায়তা করেছিল তখনকার সরকার। হামলার আলামতও মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।
তিনি বলেন, সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মানুষ পুড়িয়ে মারার জন্য খালেদা জিয়া কোনো দিন কোনো লজ্জাবোধ করেননি। আরকেদিকে মানুষ পোড়ানোর হুকুম আসে লন্ডন থেকে। লন্ডনে বসে হুকুম দেয়। যারা মানুষ মারে, পোড়ায়, তারা কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মানুষ মেরেই রাজনৈতিক ফায়েদা লুটতে চায়, এটাই তাদের রাজনীতি। বিকেল ৪টা ৪০ মিনিটে আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে অস্থায়ী বেদীতে ২১ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।




