সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়মীর কাসেমের আপিল মামলার সার সংক্ষেপ জমা দিতে রাষ্ট্রপক্ষকে দু’সপ্তাহ সময়

মীর কাসেমের আপিল মামলার সার সংক্ষেপ জমা দিতে রাষ্ট্রপক্ষকে দু’সপ্তাহ সময়

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল মামলার সারসংক্ষেপ জমা দিতে রাষ্ট্রপক্ষকে দু’সপ্তাহ সময় বেধে দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আপিল বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মীর কাসেম আলীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট –অন-রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সার সংক্ষেপ জমা দিতে আরও সময় চান। এ সময় আদালত বলেন, অনেকটা সময় পেরিয়ে গেছে। এখনও আপনারা সার সংক্ষেপ দেননি কেন? আমরা দুই সপ্তাহ সময় দিচ্ছি, এর মধ্যে সারসংক্ষেপ জমা দিয়ে দেবেন।

এর আগে, গত ২৮ মে মীর কাসেমের আপিলের সারসংক্ষেপ চার সপ্তাহের মধ্যে দাখিলের জন্য রাষ্ট্র ও আসামিপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এরপর আসামিপক্ষ নির্ধারিত সময়ে সারসংক্ষেপ জমা দিয়েছেন। মানবতাবিরোধী অপরাধে গত বছরের ২ নভেম্বর মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে  ওই বছরের ৩০ নভেম্বর মীর কাসেম আলী আপিল করেন। মীর কাসেম তার দেড়শ’ পৃষ্ঠার মূল আপিলসহ ১ হাজার ৭৫০ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ