ব্যক্তি পর্যায়ে প্রতারণা, আত্মসাৎ ও জালিয়াতির মামলা তদন্ত করতে হবে না দুর্নীতি দমন কমিশন-দুদক কে। তবে সরকারি সম্পত্তি সংক্রান্ত প্রতারণা, সরকারি কর্মকর্তা ও ব্যাংকের কর্মকর্তার দায়িত্ব পালনকালে প্রতারণা ও জালিয়াতির মামলা তদন্ত করবে সংস্থাটি। অপরদিকে ব্যক্তি পর্যায়ে প্রতারণা, আত্মসাৎ ও জালিয়াতির মামলা তদন্ত করবে পুলিশ। দুর্নীতি দমন কমিশন আইন হওয়ার আগে যেভাবে মামলা গ্রহণ ও তদন্ত করার এখতিয়ার ছিল সেভাবেই এখন পুলিশ দায়িত্ব পালন করবে। এসব বিধান রেখে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন- ২০১৫ খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এসব তথ্য দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) দণ্ডবিধি ৪২০ ধারার অপরাধ প্রতারণা এবং ৪৬৭ ও ৪৬৮ ধারাসহ আত্মসাৎ ও জালিয়াতির মামলা দুদক আইন থেকে বিযুক্ত করা হচ্ছে। আইন পাশের পর এসব মামলা তদন্ত করতে হবে না দুদককে। তবে সরকারি সম্পত্তি সংক্রান্ত প্রতারণা, সরকারি কর্মকর্তা ও ব্যাংকের কর্মকর্তার দায়িত্ব পালনকালে প্রতারণা ও জালিোতির মামলা তদন্ত করবে দুদক। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এসব অপরাধের প্রচুর মামলা হয়েছে। যা স্পেশাল কোর্টে নিষ্পত্তি হতে দেরি হচ্ছে। এই সমস্যা দূর করতে এই বিষয়টি আইন থেকে বিযুক্ত করা হচ্ছে। আর প্রতারণা, আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ নেওয়ার এখতিয়ার দুদক আইনের তফশিল ভুক্ত থাকায় পুলিশ মামলা নিতে চাইতো না। আইন পাশ হলে পুলিশ মামলা নিতে পারবে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান,বর্তমানে দুদকে যেসব মামলা অনুসন্ধানে রয়েছে সেসব মামলা আর পরবর্তী পর্যায়ে যাবে না। তবে অভিযোগকারী নির্দিষ্ট আদালতে বা থানায় মামলা করতে পারবেন। যেসব মামলা তদন্তে রয়েছে সেসব মামলা এখতিয়ারভুক্ত সংশ্লিষ্ট সংস্থা (পুলিশ) তদন্ত করবে। তদন্তের যে পর্যায়ে ছিল সে পর্যায় থেকেই তদন্ত কাজ শুরু করবে পুলিশ।
আর বিচারাধীন মামলাগুলো স্পেশাল কোর্ট থেকে জুডিসিয়াল ম্যাজিস্টেট কোর্টে মামলাগুলো স্থানান্তরিত হবে। স্পেশাল কোর্টে যে পর্যায়ে মামলাটি ছিল সে পর্যায় থেকে মামলার পরবর্তী কার্যক্রম চলবে। বৈঠক থেকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে মন্ত্রিসভা। এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।




