ব্লগার নিলয় নীলকে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার-আল-ইসলাম। শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে আনসার-আল-ইসলামের মুখপাত্র দাবিদার মুফতি আবদুল্লাহ আশরাফের পাঠানো এক ইমেইল বার্তায় এ দায় স্বীকার করা হয়। বার্তায় বলা হয়, “আনসার-আল-ইসলামের (আল কায়েদা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ শাখা) মুজাহিদরা আল্লাহ তায়ালা ও তার রাসূলের (তার উপর শান্তি বর্ষিত হোক) এক শত্রুকে হত্যা করতে অভিযান চালিয়েছে, যার নাম নিলয় চৌধুরী নীল। অবশ্য আনসার-আল-ইসলামের মুখপাত্র দাবিদার মুফতি আবদুল্লাহ আশরাফের পাঠানো ইমেইলটির সত্যতা তৎক্ষণাৎ নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ- কমিশনার (ডিসি- মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, আমরাও বিভিন্ন সংবাদমাধ্যমে আনসার-আল-ইসলামের দাবির বিষয়টি জানতে পেরেছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুপুরে খিলগাঁওয়ের উত্তর গোড়ানে ১৬৭ নম্বর বাসার পঞ্চম তলার ফ্ল্যাটে ঢুকে নিলয় নীলকে (৪০) হত্যা করে দুর্বৃত্তরা। স্ত্রী ও বোনকে নিয়ে ওই বাসায় থাকতেন গণজাগরণ মঞ্চের এই সক্রিয় কর্মী।




