সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিআনোয়ার, মিন্টু ও আমানকে আত্মসমর্পণের নির্দেশ, তরিকুলের জামিন বহাল

আনোয়ার, মিন্টু ও আমানকে আত্মসমর্পণের নির্দেশ, তরিকুলের জামিন বহাল

নাশকতার চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে এক সপ্তাহের মধ্যে বিচারকি আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির ওই চার নেতাকে ৫৬ মামলায় দেওয়া হাইকোর্টের জামিনের স্থগিতাদেশ চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে সোমবার এ আদেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার  সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। মামলাগুলোর মধ্যে রয়েছে এম কে আনোয়ারের নয়টি, তরিকুল ইসলামের চারটি, আব্দুল আউয়াল মিন্টুর একটি ও আমান উল্লাহ আমানের ৪২টি।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।  ‍গত ৯ জুলাই পৃথক পৃথক আবেদনের প্রেক্ষিতে ওই চার নেতাকে চার সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। ১৪ জুলাই এ জামিনের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। ২১ জুলাই সৈয়দ মাহমুদ হোসেনের অবকাশকালীন চেম্বার বেঞ্চ আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিলেও স্থগিতাদেশ দেননি। পূর্ণাঙ্গ বেঞ্চে ২৭ জুলাই শুনানির দিন ধার্য হয়। সরকার পতনের লক্ষ্যে গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের মার্চ পর্যন্ত বিরোধী জোটের আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ