জুন মাসের শেষের দিকের বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের বন্যায় প্লাবিত হয়েছে কক্সবাজারের রামু। কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁকখালী নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় ঘর-বাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ে ছুটছে এলাকার মানুষ। বন্যার পানিতে এরইমধ্যে ডুবে গেছে অনেক ফসলি জমি, বাড়ি-ঘর, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।প্রবল বর্ষণে শনিবার দুপুর থেকে বাকখাঁলী নদীর হাইটুপি ভাঙন কবলিত বেড়িবাঁধ দিয়ে বুথপাড়া, মেরংলোয়া, আমতলিয়া পাড়া, পশ্চিম মেরুংলোয়া, সাতঘরিয়া পাড়াসহ বেশ কয়েকটি গ্রাম পানিতে ডুবে যায়।
এছাড়া চাকমারকুল, জোয়ারিয়ানালা, কচ্ছপিয়া, গর্জনিয়া, কাউয়ারখোপ রাজারকুল ইউনিয়নের বেশ কিছু গ্রামে পানি বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। প্লাবিত এলাকা পরিদর্শন করে নিজ উদ্যোগে শুকনো খাবার বিতরণ করছেন সংসদ সদস্য সাইমুম সওয়ার রামু ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। রামু উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে যাওয়া গ্রামগুলোর মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।




