সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ৫

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ৫

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সংযোগ সড়কে বাসের ধাক্কায় চালক এবং অটোরিকশার চার যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও এক যাত্রী। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মুলিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন বেলকুচি উপজেলার ব্রাহ্মণবাড়ীয়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে আব্দুল রাজ্জাক (৬০), তার মেয়ে রোজিনা খাতুন (১৬), আব্দুর রাজ্জাকের নিকটাত্মীয় একই গ্রামের জব্বারের স্ত্রী মমতা (২৪), কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৫) ও সদর উপজেলার পোড়াবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে অটোরিকশা চালক আরমান (৩০)। মহাসড়কে দায়িত্বরত সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মুলিবাড়ী এলাকায় সিরাজগঞ্জ কড্ডার মোড় থেকে ছেড়ে আসা বেলকুচিগামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক এবং দুই যাত্রী মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সদর হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে মারা যান আরেক যাত্রী। আহত অপর যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক। তিনি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান গোলাম মোস্তফা। এর আগে রোববার একই জায়গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হন।

আরও পড়ুন

সর্বশেষ