সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়৫৫৫ বাংলাদেশিকে নিলে রাজ্জাককে ফেরত দেবে মায়ানমার

৫৫৫ বাংলাদেশিকে নিলে রাজ্জাককে ফেরত দেবে মায়ানমার

মায়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিতে নতুন শর্ত দিয়েছে বিজিপি। বিজিপির দাবি, গত ২৯ মে মায়ানমার নৌবাহিনীর হাতে উদ্ধার সাগরভাসী ৭২৭ জনের মধ্যে ৫৫৫ জনই বাংলাদেশি। এদেরকে ফেরত নিলেই বিজিবির নায়েক রাজ্জাককে ফেরত দেওয়া হবে। সোমবার সন্ধ্যায় কক্সবাজার বিজিবি-৪২ এর অধিনায়ক আবু জার আল জাহিদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মায়ানমারের বিজিপির ২নং বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল চ্যান হ্ল্যয়াইনের সঙ্গে তিনি একাধিকবার মোবাইল ফোনে কথা বলেছেন। চ্যান হ্ল্যয়াইন তাকে বলেছেন, উদ্ধারকৃত ৫৫৫ জন বাংলাদেশি। তাদের ফেরত নিলেই নায়েক রাজ্জাককে একইসঙ্গে মংডু সীমান্ত দিয়ে ফেরত দেওয়া হবে। জাহিদ জানান, তিনি চ্যান হ্ল্যয়াইনকে বলেছেন দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। তিনি আরো বলেন, নায়েক রাজ্জাকের বিষয়ে তিনি  মঙ্গলবারও বিজিপির সঙ্গে কথা বলবেন। দ্রুত এ সমস্যার সমাধান হবে। গত ২৯ মে মিয়ানমার নৌবাহিনী ৭২৭ জন অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্যেও বাংলাদেশি রয়েছে বলেও দাবি মিয়ানমারের। বিষয়টি নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলাপ আলোচনা চলছে বলে জানা গেছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ