আগামী ১৩ আগস্ট আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৮ মে) এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ। বেঞ্চের বাকী সদস্যরা হলেন-বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আগামী ১২ জুলাইয়ের মধ্যে ভোটার তালিকা সংশোধন করে তা প্রকাশেরও আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ও সচিবকে এ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন, বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ ও রিটকারী আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ। আদেশের পর বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আদালত আমাদের জিজ্ঞাসা করেছিলেন, ভোটার তালিকা সংশোধনে আমারা কোনো প্রতিনিধি দেবো কি-না। আমরা আদালতকে বলেছি, না। বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ও সচিবের প্রতি আমাদের আস্থা আছে।
তিনি বলেন, অপরপক্ষ বিশেষ কোনো ব্যক্তির নাম ঢোকাতে চেয়েছিলেন, আদালত তাতে রাজি হননি। আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আহবায়ক ও বার কাউন্সিলের সচিবকে সদস্য করে ভোটার তালিকার ভুল সংশোধন করার দায়িত্ব দিয়েছেন। আগামী ১২ জুলাইয়ের মধ্যে ভোটার তালিকা সংশোধন করে প্রকাশ করবেন তারা। এ সময় পর্যন্ত বর্তমান কমিটি বহাল থাকবে বলেও আদালত আদেশে বলেছেন। বার কাউন্সিলের নির্বাচনের দিন প্রথমে ধার্য করা হয়েছিল ২০ মে। ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ভোটার তালিকায় থাকা কিছু ত্রুটি হালনাগাদ করার জন্য গত ১২ মে এক সপ্তাহ পিছিয়ে ২৭ মে নির্বাচনের দিন নির্ধারিত হয়।
এরপর গত ১৭ মে বাংলাদেশ বার কাউন্সিল সংশোধনী আইন, ২০০৩ এর ৩ নম্বর ধারাকে কেন অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানিয়ে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বার কাউন্সিলের নির্বাচনী তফসিল স্থগিতের আদেশ চান তিনি। এ রিট আবেদনের শুনানি নিয়ে গত ২১ মে বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন বিচারপতি কাজী রেজা-উল হক ও আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। ওইদিনই এ আদেশ স্থগিত চেয়ে বার কাউন্সিল এবং তিন প্রার্থী আপিল আবেদন করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ গত ২৪ মে এ বিষয়ে শুনানি গ্রহণ করে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন।




