দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৫-১৭ সাল মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচনে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের উন্নয়ন পরিষদ প্যানেল জয়ী হয়েছে। পরিচালক পদের ৩২ টির মধ্যে ২৫ টিতেই এই প্যানেল জয়ী হয়েছে। উন্নয়ন পরিষদ প্যানেল থেকে চেম্বার গ্রুপের ১২ জন নির্বাচিত হয়েছেন। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৩ জন নির্বাচিত হয়েছেন। চেম্বার ও অ্যাসোসিয়েশন দুই গ্রুপ থেকে ১৬টি করে পরিচালক পদ রয়েছে।
চেম্বার গ্রুপে এফবিসিসিআইয়ের বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলী স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে তিনিসহ চারজন নির্বাচিত হয়েছেন। এই পরিষদের কোনো অ্যাসোসিয়েশন গ্রুপের প্যানেল ছিল না। সৈয়দ মোয়াজ্জেম হোসাইন ও শাফকাত হায়দার ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে অ্যাসোসিয়েশন গ্রুপের তিনজন পরিচালক নির্বাচিত হয়েছেন। এই পরিষদ থেকে চেম্বার গ্রুপের কোনো প্যানেল ঘোষণা করা হয়নি।
অ্যাসোসিয়েশন গ্রুপে নির্বাচিত পরিচালক:
হেলালউদ্দিন, নিজামউদ্দিন, হারুন অর রশিদ, শামীম আহসান, আবু মোতালেব, হাবিবুল্লাহ ডন, কে এম আখতারুজ্জামান, এম শোয়েব চৌধুরী, মুনতাকিন আশরাফ, এস এম জাহাঙ্গীর হোসেন, আবু নাসের, আমিন হেলালী, শফিকুল ইসলাম ভরসা, আবুল আয়েস খান, খন্দকার রুহুল আমিন ও শাফকাত হায়দার চৌধুরী,
চেম্বার গ্রুপে নির্বাচিত পরিচালক:
আমিনুল হক শামীম, দিলীপ কুমার আগারওয়াল, গাজী গোলাম আশরিয়া, শেখ ফজলে ফাহিম, নিজামউদ্দিন, প্রবীর কুমার সাহা, নুরুল হুদা, হাসিনা নেওয়াজ, নাগিবুল ইসলাম, বজলুর রহমান, আনোয়ার সাদাত সরকার, রেজাউল করিম, মনোয়ারা হাকিম আলী, মাসুদ পারভেজ খান ইমরান ও তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান। এ ছাড়া পরিচালক পদে কোহিনুর ইসলাম ও মো. মাসুদ একই ভোট পেয়েছেন। তাঁদের মধ্যে কে নির্বাচিত হলেন তা পরে জানানো হবে।
গতকাল শনিবার ঢাকায় মতিঝিলের ফেডারেশন ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় শুরু হয়ে বিকেল পাঁচটা ৫ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ আলী আশরাফ বলেছেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান দাবি করলেও দিনভরই সমর্থকেরা প্রার্থীদের পক্ষে যেমন মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন, তেমনি তাঁদের মধ্যে উত্তেজনাও ছিল। ভোটারদের কাছে ভোট চাওয়া নিয়ে সকাল ১০টার দিকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপের ১ হাজার ৭৬৬ জনের মধ্যে ১ হাজার ৫৩৩ জন ও চেম্বার গ্রুপের ৪৩৬ জন ভোটারের মধ্যে ৪১৮ জন ভোট দিয়েছেন। মোট ২ হাজার ২০২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৯৫১ জন ভোট দেন। ভোট পড়েছে প্রায় ৮৯ শতাংশ।
এবারের নির্বাচনে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পরিচালক পদপ্রার্থীরা। এর মধ্যে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ উন্নয়ন পরিষদ, এফবিসিসিআইয়ের বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলী স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ এবং সৈয়দ মোয়াজ্জেম হোসাইন ও শাফকাত হায়দার ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দেন। এবারে এফবিসিসিআইয়ের পর্ষদে পরিচালকের সংখ্যা হবে ৫২। এর মধ্যে অ্যাসোসিয়েশন আর চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত হবেন ১৬ জন করে ৩২ জন পরিচালক। এর বাইরে ২০ জন পরিচালক আসবেন সরকার মনোনীত অ্যাসোসিয়েশন-চেম্বার থেকে। তাঁরা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। এই পরিচালকদের মধ্য থেকে ভোটের মাধ্যমে কাল সোমবার এফবিসিসিআইয়ের সভাপতি এবং দুই সহসভাপতি নির্বাচিত হবেন। এবার সভাপতি ও সহসভাপতি চেম্বার গ্রুপ এবং প্রথম সহসভাপতি অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত হবেন।




