ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ দেশের বিশিষ্ট ১০ ব্যক্তিকে সরকার বিশেষ নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এর আগে বুধবার (২০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ ১০ বিশিষ্ট ব্যক্তিকে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম-১৩। সংগঠনটি ডাকযোগে পাঠানো ইংরেজিতে লেখা একটি চিঠিতে এ হত্যার হুমকি দেয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের সব মানুষেরই নিরাপত্তার দায়িত্ব রয়েছে আমাদের। তবে তাদের যেহেতু হুমকি দিয়েছে, সে কারণেই তাদের নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হচ্ছে।



