বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিনটি দুর্নীতি মামলার রুল শুনানির জন্য হাইকোর্টের বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। বেঞ্চটির বুধবারের কার্যতালিকায় এ শুনানি ১৭১ নম্বরে রয়েছে।
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি, নাইকো দুর্নীতি মামলা ও গ্যাটকো দুর্নীতি মামলার স্থগিতাদেশ ও বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুলের নিষ্পত্তি করতে এ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। বিচারপতি নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ রুলের শুনানি নিয়ে এর নিষ্পত্তি করবেন। গত ৫ এপ্রিল পূর্ববর্তী স্ব স্ব হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর বিষয়ে পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। এসব মামলার বেঞ্চ পরিবর্তনে গত ২ এপ্রিল প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিলেন খালেদার আইনজীবীরা। প্রধান বিচারপতি এসকে সিনহা আবেদনগুলো গ্রহণ করেন।
মামলাগুলোর মধ্যে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার রুলের শুনানি শেষ হয়েছিল। এর রায়ের দিন গত ৫ এপ্রিল ধার্য ছিল বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চে। এর মধ্যে আসামিপক্ষকে শুনানি শেষ করতে বলা হয়েছিল। অন্যদিকে নাইকো দুর্নীতি মামলা ও গ্যাটকো দুর্নীতি মামলার রুলের শুনানি শুরুর অপেক্ষায় ছিল। খালেদা জিয়াকে প্রধান আসামি করে করা এসব মামলা হাইকোর্টের আদেশে কয়েক বছর ধরে স্থগিত ছিল। সম্প্রতি মামলাগুলো সচলের উদ্যোগ নিয়ে রুল শুনানির দিন ধার্যের আবেদন জানায় দুদক।




