চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলার সানশেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় বিচারক-বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। তবে বিশ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে পুলিশ ও আদালতের কর্মচারীরা। আদালত সূত্র জানায়, আগুনের ধোঁয়া দেখে আইনজীবীরা এজলাস কক্ষ থেকে বেরিয়ে আসেন। এজলাস থেকে বিচারকও নেমে পড়েন। মহানগর হাকিম আহমেদ সাঈদের আদালতে কিছুক্ষণ বিচার কাজ বন্ধ ছিল। পরে আগুন নিভিয়ে ফেলা হলে বিচার কাজ স্বাভাবিক হয়ে আসে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার(প্রসিকিউশন) কাজী মুত্তাকিম মিনান বলেন,‘দ্বিতীয় তলার ভবনের বাইরের সানশেডে কে বা কারা জলন্ত সিগারেট ছুড়ে ফেললে সানশেডে জমে থাকা ময়লা আবর্জনার স্তুপে আগুন ধরে যায়। আবর্জনা স্যাঁতস্যাঁতে থাকায় আগুনের চেয়ে ধোঁয়া বেশি ছড়িয়ে পড়ে। এজলাস কক্ষ ও আদালতের করিডোর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে পুলিশ ও কর্মচারীরা পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলে।’




