বন্দরনগরী চট্টগ্রামকে ‘স্বপ্নের মেগাসিটি’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাছির উদ্দিন। সোমবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যৌথভাবে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
লিখিত বক্তব্যে আজম নাছির বলেন, চট্টগ্রাম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি নগরী। সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করলে চট্টগ্রামের উন্নয়ন ঘটবে, মানুষের দুর্ভোগ থাকবে না। চট্টগ্রাম শহরকে বিশ্বমানের শহর হিসেবে প্রতিষ্ঠিত করা কঠিন কোন কাজ নয়, দরকার কেবল সম্মিলিত প্রচেষ্টা ও সদিচ্ছা। গত পাঁচ বছরে সদিচ্ছার অভাব থাকায় জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য সংকটে এই শহরের যেন ত্রাহি অবস্থা। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সঙ্গে তাল মিলিয়ে বন্দর নগরীকে স্বপ্নের নগর হিসেবে পরিচিত করতে তিনি (প্রধানমন্ত্রী) আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর আস্থার মূল্য দিতে চাই।
সেবক হিসেবে স্বপ্ন পূরণে জনমানুষের পাশে থাকার ঘোষণা দিয়ে আজম নাছির বলেন, ভূ-প্রাকৃতিক অবস্থানগত সুবিধাকে কাজে লাগিয়ে বিশ্বের উন্নত শহরগুলোর মতই চট্টগ্রামের অধিবাসীদেরও সব ধরণের সেবা দিতে পারব। চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রীর লক্ষ-কোটি টাকা বিনিয়োগের যে রোডম্যাপ, তা বাস্তবায়নে অংশীদার হতে চাই। আর এর মাধ্যমে চট্টগ্রাম হবে বিশ্বমানের নগরী। জলাবদ্ধতাকে চট্টগ্রামের প্রধান সমস্যা উল্লেখ করে সংবাদ সম্মেলনে নাছির বলেন, নির্বাচনে বিজয় লাভের পর প্রথম কাজ হবে জলাবদ্ধতা নিরসন করা। নগরীর খালগুলো খনন করে খালের মুখে থাকা স্লুইচ গেইট চালু করা হবে। এছাড়া খাল খননের পাশাপাশি নালা নর্দমা পুনরুদ্ধার, সংস্কার ও সম্প্রসারণেরও প্রতিশ্রুতি দেন তিনি।
আট পৃষ্ঠার লিখিত বক্তব্যে আজম নাছির মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, সাংস্কৃতিক আবহ তৈরিতে উপযুক্ত প্রতিষ্ঠান সৃষ্টি, পুরো চট্টগ্রামকে ওয়াইফাই জোনের আওতায় আনা, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, ক্রীড়াক্ষেত্রে উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন। সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, নাছির প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী। তাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজয়ের ক্ষেত্রে তিনি সংবাদকর্মীদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
মেয়র প্রার্থী নিয়ে নগর আওয়ামী লীগে কোন কোন্দল আছে কিনা এমন প্রশ্নে মহিউদ্দিন চৌধুরী বলেন, আমিসহ অনেকে মেয়র প্রার্থী ছিল। কিন্তু সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমি নাছিরকে সমর্থন দিয়েছি। যারা মনোনয়ন পায়নি তাদের মধ্যে সামান্য হতাশা থাকবে। তবে সে হতাশা নিরসন করে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে আনতে হবে। আমাদের কাছে জয়ের বিকল্প নেই। সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করার চেষ্টা করলে মহিউদ্দিন চৌধুরী পরে অন্য অনুষ্ঠানে সব প্রশ্নের জবাব দেওয়া হবে জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসহাক মিয়া, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সংসদ সদস্য আফসারুল আমিন, এমএ লতিফ, দিদারুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, ইব্রাহীম হোসেন বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।




