মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি আগামী ১ এপ্রিল শুরু হবে। সোমবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্ঝ আসামিপক্ষের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড মোলভী ওয়াহিদুল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদালতে চার সপ্তাহের সময়ের আবেদন জানান মৌলভী ওয়াহিদুল্লা। এ আবেদনের শুনানিতে তিনি বলেন, এ মামলার অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীনের পক্ষে আমি এসেছি। আমাদের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ব্যক্তিগত অসুবিধার কারণে এখন এ মামলার শুনানি করতে পারছেন না। তাই আমাদের সময়ের প্রয়োজন। এ সময় আদালত বলেন, এই মামলার শুনানি দ্রুত করার জন্য নিয়ম রয়েছে। সংসদ এ বিষয়ে কনসার্ন। এ মামলায় মুলতবির কোনো সুযোগ নেই। এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আসামিপক্ষের আনইজীবী খন্দকার মাহবুব হোসেন ছাড়াও আরও আইনজীবী রয়েছেন। এর মধ্যে এম শাহজাহান রয়েছেন। এ সময় আদালত বলেন, আবেদনে খন্দকার মাহবুব হোসেনের নাম রয়েছে সিনিয়র আইনজীবী হিসেবে। পরে আদালত আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে ১ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।




