মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে কনস্টেবলসহ নিহত ২

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে কনস্টেবলসহ নিহত ২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত ও আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার  দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রোববার দুপুর দেড়টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকালে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের যাত্রীবাহী বাস ও মাওয়াগামী প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- প্রাইভেটকার আরোহী রাজধানীর রমনা থানায় কর্মরত কনস্টেবল আব্দুর রাজ্জাক (৪২) ও কার চালক আব্দুস সালাম (৪০)। আহতরা হলেন- নিহত কনস্টেবলের স্ত্রী আমেনা খাতুন (৩৮), তার ছেলে মো. রাতুল (০৮) ও ভাগ্নে আসলাম (৩৫)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

শ্রীনগরের হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন  জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানিতে যাচ্ছিল। পথে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ঢাকাগামী সুন্দরবন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল ও কার চালকের মৃত্যু হয়। তিনি আরও জানান, মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে কর্মস্থল থেকে প্রাইভেটকারে করে কনস্টেবল আব্দুর রাজ্জাক সপরিবারে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হিরন্ময় কান্দি গ্রামের মৃত আব্দুল মালেক খানের ছেলে।

আরও পড়ুন

সর্বশেষ