বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা আবারো নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। তিনি বলেন, যারা খুনি, মানুষ পুড়িয়ে মারে তাদের সঙ্গে আলোচনা হতে পারে না। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, যারা খুনি, মানুষ পুড়িয়ে মারে, তাদের সঙ্গে আলোচনা হতে পারে না। দেশে চলমান পরিস্থিতি মোকাবেলায় সরকার কঠোর হাতে নাশকতা দমন করবে। দেশের সব প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষকে নাগরিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান সৈয়দ আশরাফ।
তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে দেশের অবস্থা আরো ভয়াবহ হবে। বর্তমান পরিস্থিতিতে এখানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি আসতে পারে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। চলমান হরতাল-অবরোধে নাশকতা প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আইএস যেভাবে মানুষ পুড়িয়ে মারছে, বিএনপি-জামায়াত সেভাবেই মানুষ পুড়িয়ে মারছে। তাদের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। ‘খালেদা জিয়ার অন্দোলন তত্ত্বাবধায়ক সরকার বা নতুন নির্বাচনের দাবিতে নয়, তার উদ্দেশ্য এদেশকে সিরিয়া, লেবাননের মতো পরিস্থিতি তৈরি করার চক্রান্ত।’ সৈয়দ আশরাফ বলেন, ৭১-এর মতো গণহত্যা চালাতে চায় বিএনপি- জামায়াত।




