শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেশে চলমান নাশকতা যে কোনো উপায়ে দমন করতে পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রীর ...

দেশে চলমান নাশকতা যে কোনো উপায়ে দমন করতে পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশে চলমান নাশকতা যে কোনো উপায়ে দমন করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বলেছেন, এখানে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নাই, কোনো চিন্তা নাই। যা কিছু হোক সে দায়িত্ব আমি নেব। বুধবার নিজ কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এসময় পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, মানুষের জানমালের নিরাপত্তা আপনাদের দিতেই হবে। আর সেটা দেয়ার জন্য যত কঠিন কাজ হোক সেটা আপনারা নির্দ্বিধায় করে যাবেন; অন্তত এইটুকু লিবার্টি আমি আপনাদের দিচ্ছি। তিনি বলেন, দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। তারা আশা করে কঠোর হস্তে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হবে।নির্দলীয় সরকারের অধীনে দ্রুত আগাম নির্বাচনের দাবিতে বিএনপি জোটের লাগাতার অবরোধের ২৩তম দিন চলছে। হরতাল-অবরোধে পেট্রোল বোমা হামলায় মানুষ হত্যার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটা সম্পূর্ণভাবে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী, জঙ্গিবাদী কর্মকাণ্ড দমনের জন্য যখন যেখানে যা করা প্রয়োজন আপনারা তাই করবেন। কারন মানুষ সেটা আশা করে।পুলিশ সদস্যদের প্রতি আস্থার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি, আপনারা যখন নিজ নিজ এলাকায় ফিরে যাবেন তখন এ ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ নেবেন।গত বছর ৫ জানুয়ারির নির্বাচন ঘিরে নাশকতা দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে সন্ত্রাস ও নাশকতা মোকাবিলায় পুলিশের সঙ্গে জনগণকেও সম্পৃক্ত করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সচেতন নাগরিক যারা, নির্বাচিত প্রতিনিধি যারা রয়েছেন এবং র‌্যাব, আনসার-ভিডিপি, বিজিবি সকলকে সম্পৃক্ত করে এই সন্ত্রাসী, জঙ্গিবাদী কর্মকাণ্ড মোকাবিলা করতে হবে এবং যে কোনো উপায়ে দমন করতে হবে।প্রধানমন্ত্রী বলেন, জুন মাসে বাজেট দেয়ার পর পরিকল্পনা গ্রহণ করে উন্নয়ন কার্যক্রম শুরু হয় নভেম্বর-ডিসেম্বর মাস থেকে এবং মূল কাজ হয় জানুয়ারি মাসে। দুর্ভাগ্য, এই জানুয়ারি মাসেই তাণ্ডব শুরু করে দিয়েছে বিএনপি-জামায়াত। ফলে অর্থনীতির যে গতিশীলতা, উন্নয়নের যে গতিশীলতা ছিল- তা আজকে ব্যহত হয়ে যাচ্ছে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনায় শেখ হাসিনা বলেন, কত মায়ের কোল যে খালি হচ্ছে। আমি জানি না বিএনপি নেত্রী তিনি তার সন্তান হারিয়েছেন। তার নিজের ব্যাথা তিনি বোঝেন। কিন্তু যাদেরকে পুড়িয়ে মারছেন; সেই সন্তানের পোড়া শরীর দেখে বা পোড়া লাশ দেখে সেই মায়ের মনে যে কি কষ্ট সেই কষ্টটা কি খালেদা জিয়া বুঝতে পারছেন? আমার একটা প্রশ্ন থাকল এখানে।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ