জাবেদ ছিলেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)-এর অন্যতম পরিচালক। মন্ত্রিত্ব পাওয়ার পর ইউসিবিএল-সহ তার সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি। ইউসিবিএল-এর প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু’র বড় ছেলে হলেন জাবেদ। তিনি চট্টগ্রাম চেম্বারেরও সভাপতি ছিলেন।
প্রতিমন্ত্রী জাবেদের সরকারি বাড়ি-গাড়িসহ নানা সুযোগ-সুবিধা না নেয়া প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাব-এর শিক্ষক ও কলামিস্ট প্রফেসর আবদুল মান্নান বলেন, জাবেদের এসব সুযোগ-সুবিধা ভোগ করার দরকার নেই। জাবেদের মতো জাতীয় পার্টির নেতা ও বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন না।
প্রফেসর মান্নান আরো জানান, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে মাত্র এক টাকা বেতন নিতেন।
বিবিসি ও উইকিপিডিয়ার ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর থেকে ১৯৬৪ সালে তার মৃত্যু পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। জিন্নাহ ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল, যে পদে তিনি আসীন ছিলেন ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতার পর থেকে তার মৃত্যু পর্যন্ত।




