সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়তিন ধরনের ক্রিকেটেই অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব

তিন ধরনের ক্রিকেটেই অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব

দারুণ এক সুখবর নিয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। প্রথম ক্রিকেটার হিসেবে তিন ধরনের ক্রিকেটেই অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এখন সাকিব। এমন সুসংবাদের মধ্যে আরেকটি দারুণ খবর—বিগ ব্যাশে প্রথম ম্যাচসেরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে ব্রিসবেন হিটের বিপক্ষে মেলবোর্ন রেনিগেডস ৩৬ বল বাকি থাকতেই পেয়েছে ৫ উইকেটের জয়। ব্রিসবেনের দেওয়া ৮০ রানের মামুলি লক্ষ্যটা পেরোতে অবশ্য বেশ বিপাকেই পড়ে রেনিগেডস। ৩৯ রানেই ৫ উইকেটের পতন। তবে এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি বেন রোহার ও টম বিটন। দুজনের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৪২ রান। ব্যাট হাতে ২ রানে ফিরেছেন সাকিব।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রেনিগেডস। ব্যাট করতে নেমে শুরুতেই জেমস প্যাটিনসনের তোপে পড়ে ব্রিসবেন। কোনো রান না তুলতেই ইনিংসের প্রথম দুই বলে ব্রিসবেনের ২ উইকেট হাওয়া! হ্যাটট্রিকের সুযোগটা অবশ্য কাজে লাগাতে পারেননি প্যাটিনসন। এরপরই দৃশ্যপটে হাজির সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের ঘূর্ণিতে নীল প্রতিপক্ষ। প্রতিপক্ষের সর্বোচ্চ ৩০ রান করা বেন কাটিংকে ফিরিয়েছেন সাকিব। এ ছাড়া দুজন ব্যাটসম্যানকে (জ্যাসন ফ্লোরোস ও ক্রিস লিন) ফিরিয়েছেন শূন্য রানে। ৪ ওভার বল করে ১৩ রানে পেয়েছেন ৪ উইকেট। রানআউট করেছেন একটি, ক্যাচ নিয়েছেন দুটি। প্রতিপক্ষকে ১৭.৩ ওভারে ৮০ রানে আটকে ফেলতে অগ্রণী ভূমিকা পালন করেছেন সাকিব। ব্রিসবেনের ইনিংস শেষেই যেন নিজেকে ম্যাচসেরা নির্ধারণ করে ফেলেন সাকিব। ব্যাট হাতে জ্বলে উঠতে পারলে হয়তো সাফল্যের ষোলোকলা পূর্ণ হতো। তবে যা করেছেন, সেটিও বা কম কিসে! সাকিব আসার আগে চার ম্যাচের তিনটিতেই হেরেছিল রেনিগেডস। সাকিবকে নিয়ে তিন ম্যাচের দুটিতেই জয়। সর্বশেষ, মেলবোর্ন স্টারসের বিপক্ষে সাকিবের দল হারে তুমুল প্রতিদ্বিন্দ্বতা করে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ