গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার রক্ষার আন্দোলনে দেশবাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানালেন ০৫ জানুয়ারি থেকে প্রেসক্লাবে থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৬ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রেসক্লাবের বাইরে রাজনীতিক-সাংবাদিকদের অবস্থান-স্লোগানের পর সেখঅনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান ফখরুল। মির্জা ফখরুল বলেন, নিরাপত্তাজনিত কারণে আমি গতকাল (সোমবার) বাইরে যাই নি। গতরাতে সাংবাদিকরা পেশাজনিত কারণে সারা দিন-রাত এখানে জেগেছিলেন। তাদের আন্তরিক ধন্যবাদ।তিনি বলেন, আজ দেশে মানুষের অধিকারগুলো, বাক স্বাধীনতা, বিচার পাওয়ার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। অর্থনীতিকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে। শতবছর ধরে বাঙালি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। সেই গণতন্ত্র আজ হরণের পথে । আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, বিপন্ন গণতন্ত্র ফিরিয়ে আনতে, সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার গঠনের জন্য কাজ করছে ২০ দলীয় জোট। এ আন্দোলনে সবাই যোগ দিন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন।



