বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদরাজনীতিকর্মীদের মাঠে থাকার নির্দেশ আ.লীগের

কর্মীদের মাঠে থাকার নির্দেশ আ.লীগের

প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে মিছিল-সমাবেশ না করলেও ৫ জানুয়ারি সোমবার  ‘গণতন্ত্রের বিজয় দিবসে’ কর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি যেন বিশৃঙ্খলা তৈরি করে রাজপথ দখলে নিতে না পারে সেজন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের একাধিক নেতা বাংলানিউজের সঙ্গে আলাপকালে জানিয়েছেন। দলীয় সূত্র জানায়, ৪ জানুয়ারি রোববার দুপুর থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিএনপি-জামায়াতের কর্মীদের যানবাহনে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
দলের নেতারা জানান, আওয়ামী লীগের কর্মীরা মাঠে না থাকলে বিএনপি জামায়াত আরও সহিংস হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই আশঙ্কা থেকেই জনগণের জানমালের নিরাপত্তা দিতে কর্মীদের মাঠে থাকতে বলা হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে মিছিল-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল ‍আওয়ামী লীগের পক্ষ থেকে। কিন্তু রাজধানী ঢাকায় প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকায় সে ঘোষিত কর্মসূচি আর পালন করছে না  দলটি।

তবে, এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় থানা-ওয়ার্ডে নেতাকর্মীদের মাঠে অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিছিল-সমাবেশ না করলেও থানা-ওয়ার্ডে মাইকে গণসংগীত, দেশাত্মবোধক গান ও বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হবে এবং নেতাকর্মীরা অবস্থান নেবেন। সোমবারের কর্মসূচির বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে মিছিল-সমাবেশ হবে না। তবে, আমরা মাঠে থাকবো। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় এলাকায় অবস্থান নিয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবেন।তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপি-জামায়াতের কর্মীরা মাঠে নামলে পরিস্থিতি অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো।

এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চোধুরী বলেন, নিষেধাজ্ঞার কারণে মিছিল-সমাবেশ না হলেও কর্মীরা সতর্ক অবস্থান নিয়ে মাঠে থাকবে। জনগণের জানমালের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদের কর্মীরা লক্ষ্য রাখবে।

আরও পড়ুন

সর্বশেষ