নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচের রাস্তা আগামী ১০ জানুয়ারির মধ্যে যানবাহন চলাচলের উপযোগী করতে ফের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০১৫ সালের অক্টোবর নাগাদ ফ্লাইওভারটি চালু হবে বলেও জানান মন্ত্রী। ২৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় মগবাজার-মৌচাক সড়ক পরিদর্শনে আসেন মন্ত্রী। এসময় সাংবাদিকদের তিনি বলেন, বার বার অভিযোগ আসায় আবার এখানে এসেছি। এখন ১৫ দিনের বেশি সময় দিয়েছি। ১০ জানুয়ারির মধ্যে রাস্তা ঠিক করে দিতে হবে। মন্ত্রী বলেন, মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ শুরুর আগে ট্রাফিক ব্যবস্থাপনার কথা চিন্তা করা হয়নি। এসব চিন্তা করেই ফ্লাইওভার নির্মাণ করা উচিত। উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, বনানী ওভারপাস ও জিল্লুর রহমান ফ্লাইওভার নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রেখে ফ্লাইওভার নির্মাণ করায় সেখানে কোনো দুর্ভোগ হয়নি।



