বিলবোর্ড উচ্ছেদ নিয়ে সিটি মেয়রের ফিরতি যোগাযোগের অপেক্ষায় আছেন সিএমপি কমিশনার মো.আব্দুল জলিল মন্ডল। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিলবোর্ড উচ্ছেদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন সিএমপি কমিশনার। বিলবোর্ড উচ্ছেদ বন্ধ কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিলবোর্ড উচ্ছেদ আমার কাজ নয়। এটা যাদের কাজ তারা করবে। আমি তাদের সহযোগিতা করার জন্য দু’হাত বাড়িয়ে বসে আছি।
বিলবোর্ড উচ্ছেদ আবার শুরু হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মাননীয় মেয়রের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাকে বলেছেন, নীতিমালা ভঙ্গ করে যেসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে সিটি কর্পোরেশন সেগুলোর তালিকা করছে। তালিকা তৈরির কাজ শেষে হলে সিএমপির সঙ্গে যোগাযোগ করা হবে। তিনি বলেন, নীতিমালা ভঙ্গ করে বিলবোর্ড স্থাপন মানে অবৈধ। সুতারং এগুলো থাকতে পারবেনা। আমি সিটি কর্পোরেশন থেকে কখন আবার যোগাযোগ করে সেটার অপেক্ষায় আছি। মেয়র তাকে ফোন করেছেন কিনা-এর জবাবে সিএমপি কমিশনার বলেন, উনি তো সিনিয়র। উনি কেন ফোন করবেন ? আমরাই উনাকে ফোন করি। উনার পক্ষ থেকে কেউ কেউ ফোন করেন।



