জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছেন ক্লাবটির সদস্যপদ বঞ্চিত পেশাজীবী সংবাদকর্মীরা। বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশে সদস্যপদ বঞ্চিত শতাধিক সাংবাদিক অংশ নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক কল্যাণ সাহা, শারমিন রহমান সোমা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক আহম্মদ, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এশিয়ান এজ জার্নালের সাংবাদিক খুদরাত-ই খুদা বলেন, আমি ২৮ বছর ধরে সাংবাদিকতা করছি। কিন্তু আমাকে সদস্যপদ দেওয়া হয়নি। এটা মানবাধিকার লঙ্ঘন। এই অপরাধে তাদের বিচার করা উচিত। ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার অমিয় ঘোটক পুলক বলে, কিছু কোটার ভিত্তিতে ও রাজনৈতিক স্বার্থে সদস্যপদ দেওয়া হয়েছে। সরকারের উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিছু রাজাকার সদস্যপদ পেলেও প্রকৃত সাংবাদিকরা সদস্যপদ পাননি।
কার্যত গত শনিবার রাতে ১৭১ জনকে প্রেসক্লাবের সদস্যপদ দেয়ার পর থেকেই সদস্য পদপ্রত্যাশীরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন।পর্যায়ক্রমে এ ক্ষোভ দানা বেঁধে আন্দোলনে রূপ নেয়। সদস্যপদ বাছাইয়ে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির আশ্রয় নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বঞ্চিত সাংবাদিকরা।




