রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সোর্সকে ছুরিকাঘাতে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১১টার দিকে ধনিয়া কবরস্থান রোডের বাসা থেকে নিহত আসলাম মিয়ার (৫৫) লাশ উদ্ধার করা হয় বলে যাত্রাবাড়ী থানার এসআই এমরান হোসেন জানান। আসলাম পুলিশ, ডিবি ও র্যাবের সোর্স হিসাবে কাজ করতেন বলে নিশ্চিত করেন এসআই।
এসআই জানান, শনিবার দুপুরে কয়েকজন লোক আসলামের বাসায় আসেন এবং সন্ধ্যায় চলে যান। রাতে পরিবারের সদস্যরা তার ঘরে গিয়ে কাঁথা জড়ানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। কাঁথা সরানোর পর আসলামের রক্তাক্ত দেহ দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এসআই এমরান জানান, নিহতের শরীরে গুলি ও ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। আসলামের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সুলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



