বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা ও অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। দেশটির আসাম রাজ্যে বিশেষ অভিযান চালিয়ে শনিবার ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি। আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচায্য জানান, ৩৬ বছর বয়সী ওই নারী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে হত্যার ছক অনুযায়ী অস্ত্র সংগ্রহ করছিলেন। এ ছাড়াও বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনাও ছিল তার। ওই নারীর বিরুদ্ধে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হয়ে কাজ করার অভিযোগও আনা হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, সম্প্রতি ভারতের নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা জামাতুল মুজাহিদিনের একটি পরিকল্পনা ফাঁস করে দেন। এ গ্রুপটি বাংলাদেশে হামলা চালানোর পরিকল্পনা করে। ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ‘দি গার্ডিয়ান’ জানান, বাংলাদেশ থেকে পলাতক জঙ্গিরা পশ্চিমবঙ্গকে নিরাপদ স্বর্গ হিসেবে বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও জেএমবির ছকে দুই দলের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনাও ছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড়ে বিস্ফোরণে দু’জন নিহত হওয়ার পর বেরিয়ে আসতে থাকে সন্ত্রাসী কর্মকান্ডের বিভিন্ন তথ্য। ওই বিস্ফোরণ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে গুরুতর কিছু তথ্য বেরিয়ে আসে। বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের জঙ্গিদের সম্পৃক্ততা পাওয়ার দাবি তোলেন তারা। এ বিষয়গুলোও প্রতিবেদনে আকারে বাংলাদেশের কাছে পাঠানো হবে বলে জানান তারা।



