নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি গাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানাটির তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন নিপুর চৌধুরী, নিখিল দাশ ও বিদ্যুৎ বড়ুয়া। এদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নিপুর চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বশর জানান, সকাল সাড়ে ১১টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে হয়। আহতরা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, অগ্নিদগ্ধরা বিসিক এলাকার রেডিমেড ইন্ডাস্ট্রিজ নামে একটি গাম তৈরির কারখানার কর্মচারী। সকালে রাসায়ানিক মিশ্রণের সময় সৃষ্ট আগুনে তারা দগ্ধ হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মৃণাল কান্তি দাশ জানান, আহতদের মধ্যে বিদ্যুৎ বড়ুয়ার শরীরের শতভাগই পুড়ে গেছে। অন্য দুইজনের মধ্যে একজনের শরীরের প্রায় ৬০ শতাংশ এবং অন্যজন ৫০ শতাংশের কিছুটা কম দগ্ধ হয়েছে।
কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, সকাল ১০টা ৫০ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই প্রতিষ্ঠানের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে। তবে, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।




