প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন. নয়াপল্টন কার্যত পদবঞ্চিতদের দখলে। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা ছাত্রদলের বর্তমান কমিটির নেতৃবৃন্দকে ধাওয়া দেয়। এছাড়া ব্যাপক ভাঙচুর করা হয় বিএনপির দলীয় কার্যালয়ের নিচতলা। এ অবস্থায় বিএনপি কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরফত আলী সপু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামসহ প্রায় ১৫ নেতাকর্মী আটকা পড়েছেন। এ ঘটনায় ককটেলের আঘাতে আহতদের মধ্যে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুদ, উত্তরা থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজ, ছাত্রদলককর্মী শফিক, বাবু, মাসুদ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আটকা ছিলেন। পরে তাদেরকে সেখান থেকে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, কমিটি গঠন নিয়ে উত্তেজনার জেরে, জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির পদপ্রাপ্ত ও পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা রোববার সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে পাশাপাশি অবস্থান নিয়ে একে অপরের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করে। এ সময় পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল দু’পক্ষের মাঝখানে দাঁড়িয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এর মধ্যেই দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও তারা এ সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে। যদিও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় সকাল থেকেই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন ছিলো।
সংঘর্ষের আগে রোববার দুপুরে নবগঠিত কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় নতুন কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে মিছিল বের করেন। মিছিল শেষে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে নেতারা নবগঠিত কমিটির নেতারা আগামী দিনে সরকারবিরোধী আন্দোলনকে জোরদার করার জন্য ছাত্রদল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান।
অপরদিকে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া পদবঞ্চিত নেতারা ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসাবে সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়। পদবঞ্চিত আনিসুর রহমান খোকনের নেতৃত্বে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা একই সময়ে নয়াপল্টনে নয়া কমিটির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে মিছিল ও সমাবেশ করে। এ অংশের নেতাকর্মীরা মিছিল থেকে বিএনপির ছাত্র বিষয়ক ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাহউদ্দিন টুকুর বিরুদ্ধে স্লোগান দেয়। তারা এ কমিটি ভেঙ্গে দেওয়ার দাবি জানিয়ে বলেন, এই কমিটি একতরফাভাবে গঠন করা হয়েছে। এই কমিটি ভেঙ্গে দিয়ে গণতান্ত্রিক উপায়ে পুনরায় নতুন করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণারও দাবি জানান বিক্ষুব্ধরা।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকেই শুরু হয় নতুন কমিটির বিক্ষোভ।




