জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘বিএনপির আন্দোলনের কথা শুনি। দেওয়ানি মামলার মতো বারবার আন্দোলনের তারিখ পড়ে। কিন্তু তারা কোথাও নেই। আমরা রাস্তায়, সংসদে—সর্বত্র আছি।’ আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় তাঁতী পার্টির সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ক্ষমতায় গেলে আবার সুদিন ফিরে আসবে। মা-বোনেরা আবার তাঁতের শাড়ি পরবেন।’
এরশাদ আরও বলেন, দেশে এখন একদলের গণতন্ত্র। প্রতিহিংসা ও জিঘাংসার গণতন্ত্র চলছে। দেশের কোথাও সুশাসন নেই। সর্বত্র দুর্নীতির মহোৎসব চলছে। জাতীয় পার্টির এই চেয়ারম্যান বলেন, ‘অনেকে বলে আমি স্বৈরাচার ছিলাম। কিন্তু তখন খুন, গুম ছিল না। এখন গণতন্ত্র চলছে। কিন্তু মানুষ আজ নিরাপদে ঘুমাতে পারে না। যে গণতন্ত্র মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, তা জনগণের গণতন্ত্র নয়। একদলের গণতন্ত্র।’ ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, মানুষের জীবনের কোনো মূল্য নেই। মানুষ গরু-ছাগলের চেয়েও অধম। কেন মরল এ নিয়ে সরকারের মাথাব্যথা নেই। অনুষ্ঠানে জাতীয় পার্টির আহ্বায়ক সরদার শাজাহান আলী সভাপতিত্ব করেন। সেখানে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সাল চিশতি প্রমুখ।




