বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদখেলার সময়মাঠে নামেই ইতিহাস গড়ল ওডিগার্ড

মাঠে নামেই ইতিহাস গড়ল ওডিগার্ড

বয়স মাত্র ১৫ বছর ৩০০ দিন। কিশোর বয়সেই মার্টিন ওডিগার্ড অংশ হয়েছে নরওয়ে জাতীয় ফুটবল দলের। ইউরো বাছাইপর্বে কাল বুলগেরিয়ার বিপক্ষে দারুণ এক রেকর্ড নিজের করে নিল সে। বাছাইপর্বের ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাঠে নামার  বিরল গৌরবটা এখন এই ওডিগার্ডেরই। তার এই কীর্তিগাথার দিনে নরওয়ে বুলগেরিয়াকে হারিয়েছে ২-১ গোলে।

ম্যাচের ৬৪ মিনিটে মাঠে নেমেছিল ওডিগার্ড। তখন কি জানত কী অসাধারণ এক ইতিহাস সঙ্গী করতে যাচ্ছে তাকে? নরওয়ের এই অ্যাটাকিং মিডফিল্ডার মাঠে নামল, খেলল আর জয় করেই ফিরল। ‘এলাম, দেখলাম আর জয় করলাম’—এই আপ্তবাক্যের এমন সুন্দর উদাহরণ আর কী হতে পারে? নরওয়ের হয়ে অভিষেক ম্যাচটা অবশ্য আগেই খেলেছে ওডিগার্ড। গত ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেই জাতীয় দলের জার্সিটা গায়ে দিয়ে ফেলেছে এই কিশোর তারকা। হ্যাঁ, ওডিগার্ড তো এখন তারকাই। অসাধারণ এই ইতিহাস গড়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ওডিগার্ড। বলল, ‘যখন মাঠে নামলাম, তখন ভীষণ স্নায়ুচাপে ভুগছিলাম। কিন্তু মাঠে নামার পর যখন দর্শকদের অভিবাদন পেলাম, তখন দারুণ লেগেছিল। দেখতে দেখতে সহজেই মানিয়ে নিলাম। আমরা তিন পয়েন্ট পেয়েছি (জিতে), সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ইউরো বাছাইয়ে এর আগে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডটি ছিল আইসল্যান্ডের সিগুরডুর জনসনের। ১৯৮৪ সালে ইউরো বাছাইয়ে যখন জনসন মাঠে নামেন, তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ২৫১ দিন। তবে ইউরোর মূল পর্বে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের নাম জেট্রো উইলেমস। ডাচ এ ডিফেন্ডার ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপে ডেনমার্কের বিপক্ষে যখন মাঠে নামেন, তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ৭১ দিন। সূত্র: এএফপি ও মেইল অনলাইন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ