লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের ডামাডোলের মাঝেই মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। সরকারের বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে খুব শীগগির এই রদবদল করা হতে পারে। এ তালিকায় সবচেয়ে আলোচিত মুখ সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন আলী। সাম্প্রতিক নানা কর্মকাণ্ডে বেশ আলোচিত সমালোচিত এই মন্ত্রী মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন। অন্যদিকে শেখ ফজলুর করিম সেলিম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব–উল–আলম হানিফ, শেখ ফজলে নূর তাপস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। মন্ত্রিসভার রদবদল নিয়ে বেশ কিছুদিন থেকেই কথাবার্তা চলছিল। রোববার আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয়েছে। তাঁর স্থানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নাম শোনা যাচ্ছে। এছাড়াও যেসব মন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাদের মধ্য থেকেও দু/একজনের বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, মন্ত্রিসভায় যোগ হওয়ার ক্ষেত্রে শেখ ফজলুর করিম সেলিম, আবদুল মতিন খসরু, মাহবুব–উল–আলম হানিফ, শেখ ফজলে নূর তাপস, ডা. দীপু মনি এবং ড. হাছান মাহমুদের নাম বেশ শোনা যাচ্ছে। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের দফতর পরিবর্তন হতে পারে।
মন্ত্রিসভা গঠন করার পর থেকেই সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী তার কিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে সরকারকে কয়েকবার বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। অবশ্য তাকে মন্ত্রিসভা থেকে সরানোর কথা শোনা গেলেও অপর একটি সূত্র মতে এমনটা করা নাও হতে পারে। কারণ মন্ত্রী এবং রাজনীতিক উভয় ক্ষেত্রেই দলে তার অবস্থান যথেষ্ট শক্তিশালী। অভিযোগ রয়েছে মন্ত্রীর পদমর্যাদা ভোগকারী আওয়ামী লীগের চিফ হুইপ আ স ম ফিরোজ সম্পর্কেও। আবার যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এমন কিছু মন্ত্রীদেরও তাদের কর্মকাণ্ডের খেসারত দিতে হতে পারে বলে জানা গেছে।




