রাজধানীর বনানী ডিওএইচএসের (ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি) একটি বাড়ি থেকে শিল্পপতি দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত দম্পতিরা হলেন, শিল্পপতি আব্দুর রব ও তার স্ত্রী রোকসানা পারভীন। শিল্পপতি আব্দুর রব আফসার গ্রুপের মালিক। তারা বনানী ডিওএইচএস এর ৫ নং রোডের ৬০/২ হোল্ডিংয়ের বাদরিয়া রশিদ নামে একটি বাড়ির ৪-এ নম্বর ফ্লাটে থাকতেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) মাশরুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বনানী ডিওএইচএস এর ৫ নং রোডের ৬০/২ হোল্ডিংয়ের বাদরিয়া রশিদ নামে একটি বাড়ির ৪-এ নম্বর ফ্লাটের একটি কক্ষে পাওয়া যায় শিল্পপতি আব্দুর রব ও তার স্ত্রী রোকসানা পারভীনের গুলিবিদ্ধ লাশ। এ ঘটনা হত্যা না আত্মহত্যা তা এখনও পরিষ্কার নয় বলে জানান এসি মাশরুফ। তবে ধারণা করা হচ্ছে প্রথমে স্ত্রীকে গুলি করে হত্যা করে আত্মহত্যা করেছেন স্বামী আব্দুর রব। আলামত সংগ্রহের জন্য ডিএমপির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আলামত সংগ্রহের পর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হবে বলে জানান এসি মাশরুফ। ঘটনাস্থলে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল জিয়াউল আহসানসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে নিহত আব্দুর রবের বন্ধু ইকবাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পেরে ব্যাপক হতাশায় ভুগছিলেন এই দম্পতি। এ নিয়ে পরিবারের মধ্যে ব্যাপক অশান্তি বিরাজ করছিল। সেই হতাশা থেকেই এই দম্পতি আত্মহত্যা করে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে নিহত ওই দম্পতির ৪-এ নম্বর ফ্লাটের পাশে ২-বি নম্বর ফ্লাটে থাকেন নিগ্যার জামান। এই প্রতিবেশীর ভাই জাহিদ হাসান তার বোনের বরাত দিয়ে জানান, নিহতের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে বর্তমানে মেয়ে সোনালী (৯) ও একজন কাজের মেয়েও থাকতো। এছাড়া এক ছেলে হানিমুনে দেশের বাইরে আছেন। বাকি সবাই বাড়ির বাইরে রয়েছেন। মেয়ে সোনালী সোমবার বিকেলে খেলার মাঠ থেকে ঘরে মা-বাবার লাশ দেখে কান্নায় ভেঙ্গে পরেন বলেও জানান তিনি। বিকেল থেকে রাত পর্যন্ত কোনো গুলির শব্দ পাওয়া যায়নি বলেও জানান জাহিদ হাসান।




