সরকার বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেন। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের বিদ্যাগঞ্জ হাইস্কুল মাঠে কোতোয়ালী যুবদলের উদ্যোগে কুষ্টিয়া ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
একেএম মোশাররফ হোসেন বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত না। এ অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদলের নেতা কর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করছে। সরকারকে জনবিচ্ছিন্ন আখ্যা দিয়ে তাদের পতনের লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পরারও আহবান জানান তিনি।
কোতুয়ালী থানা যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ শহর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম মো. ওয়ালিদ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি কেন্দ্রীয় যুবদলের সদস্য শামীম আজাদ প্রমুখ।




