ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছে ‘ঢাকাবাসী’ নামে একটি সংগঠন। বুধবার বিকেলে শিশু একাডেমি থেকে র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঐতিহ্যবাহী এ সংগঠন দীর্ঘদিন থেকে ঈদের পর দিন এ র্যালির আয়োজন করে আসছে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী কালাচাঁন ব্যান্ড পার্টির বাদক দলের বাজনার সঙ্গে প্রজাপতি, মাছসহ বিভিন্ন প্রতিকৃতি, পোস্টার বেলুন, ফেস্টুন নিয়ে র্যালিতে বৈচিত্রময়তার সৃষ্টি করেন অংশগ্রহণকারীরা। তারা ঐতিহ্যবাহী বিভিন্ন ধরণের পোশাক পরিধান করে র্যালিতে ভিন্ন মাত্রার যোগ করেন। ঘোড়ার গাড়ি র্যালিতে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে।
র্যালিতে পুরান ঢাকার কাসিদা পরিবেশন করা হয়। র্যালিতে অন্যদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, খালেদা জিয়ার উপদেষ্টা ও ‘ঢাকাবাসী’ সংগঠনের প্রধান উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেক, মহাসচিব শেখ খোদা বকস প্রমুখ অংশ নেন। ‘কেমিক্যাল মিশ্রিত খাবার বর্জন করুন’ স্লোগানকে সামনে রেখে এবারের র্যালিটি বের করা হয়। র্যালি থেকে বুড়িগঙ্গা রক্ষার দাবিও তোলা হয়।
র্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, যারা নদী দখল করে তাদের কোন দল নেই। তারা ক্ষমতাসীনদের কাঁধে ভর করে দখলদারিত্ব চালিয়ে যায়। তারা বলেন, নিজেদের ও ভবিষৎ বংশধরদের বাঁচাতে বুড়িগঙ্গাকে রক্ষা করতে হবে। ঢাকায় খেলার মাঠ তৈরির পাশাপাশি যে মাঠগুলো রয়েছে সেগুলো রক্ষারও দাবি করা হয়।
বক্তারা পরিকল্পিত শহরের গুরুত্ব তুলে ধরে বলেন, শহরের আধুনিকায়ন হবে। কিন্তু আধুনিকায়ন করতে গিয়ে শহরের প্রাণ, আত্মাকে হত্যা করা যাবে না। এটিকে বসবাসযোগ্য রাখার পাশাপাশি সুস্থ মানসিকতা গড়ে তোলার সহায়ক পরিবেশ রাখতে হবে। দলমতের উর্ধ্বে উঠে ঢাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।




