যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র শীর্ষক সমাপ্ত প্রকল্পে বর্তমানে কর্মরত ৩৯ জন কর্মকর্তা-কর্মচারীসহ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সম্মত ৫৩টি পদ বিশেষ বিবেচনায় স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশব্যাপি যুব কার্যক্রম ও যুব সংগঠনের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে ১৯৯৮ সালে ঢাকার অদূরে সাভারে ৩.০০ একর জমির উপর শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রটি স্থাপন করা হয়। এ কেন্দ্রে ৭০০ আসন বিশিষ্ট একটি আন্তর্জাতিকমানের আধুনিক অডিটরিয়াম, একটি আন্তর্জাতিকমানের হোস্টেল, একটি প্রশাসনিক কাম একাডেমিক ভবন, কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিনটি বাসভবন, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ছাত্রাবাস ও ছাত্রীনিবাস, মসজিদ, মেডিকেল সেন্টার, লাইব্রেরী, জিমনেসিয়াম, ক্যাফেটেরিয়া, গাড়ি রাখার গ্যারেজ ও অন্যান্য অবকাঠামো রয়েছে। বাংলাদেশে এটি যুবদের জন্য জাতীয় পর্যায়ে প্রথম মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র। এ প্রকল্পের মেয়াদ জুন, ২০০৬ এ সমাপ্ত হয়েছে। প্রকল্পের কার্যক্রমসহ জনবল রাজস্বখাতে স্থানান্তর প্রক্রিয়াধীন ছিল। বর্তমানে থোক বরাদ্দের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর এ অনুমোদনের ফলে শেখ হাসিনা যুব কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে রাজস্ব খাতে স্থানান্তরিত হওয়ার সুযোগ পেল। এতে করে অনিশ্চয়তার মধ্যে থাকা ৫৩ জন কর্মকর্তা-কর্মচারীর চাকুরির নিশ্চয়তা এবং যুব কার্যক্রমে ব্যাপক গতি সঞ্চারিত হবে বলে আশা করা যাচ্ছে।




