রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাতিল হচ্ছে পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ

বাতিল হচ্ছে পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ

পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হচ্ছে। তারা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাসুদ সিদ্দিকী, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান, স্বাস্থ্য সচিব নিয়াজুদ্দিন মিয়া, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব শওকত হোসেন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল কাশেম তালুকদার। এছাড়া ৩৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা গেজেট ও সনদ বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গতকাল সোমবার  মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
(Rules of Bussiness-এর 1996 Schedule-1 (Allocation of Business)-এর তালিকা ৪১-এর ৬ নম্বর ক্রমিক ক্ষমতাবলে মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সলিমুল্লাহর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বাতিল করাদের মধ্যে ৩০ জনকে এনএসআই ও দুজনকে জেলা প্রশাসকের প্রতিবেদন, দুজনের উপযুক্ত বয়স না হওয়ায় এবং একজনের দুটি সনদ থাকায় গেজেট ও সনদ বাতিল করা হয়েছে।
এনএসআই ও জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী গেজেট বাতিল করা ৩২ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পক্ষে কোনও গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ বা কোনও গ্রহণযোগ্য তথ্য দিতে না পারায় তাদের মুক্তিযোদ্ধা দাবির বিষয়টি প্রমাণিত হয়নি। দুজনের বয়স মুক্তিযোদ্ধা হওয়ার মতো উপযুক্ত না হওয়ায় গেজেট বাতিল করা হয়। অপর একজন দুটি সনদ গ্রহণ করায় একটির গেজেট বাতিল করা হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা মুক্তিযোদ্ধা না তারা কেন  সেটা দাবি করবেন? অতীতের মতো ভুলের যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমরা সচেতন। যাদের সনদ বাতিল করা হয়েছে তাদের সুযোগ-সুবিধা প্রত্যাহার ও অর্থ ফেরত পাওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।
যাদের সনদ বাতিল হল : রেলপথ মন্ত্রণালয়ের মো. শফিকুর রহমান ও  মো. আব্দুল ওয়ারেছ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মো. আব্দুল হালিম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আজহার আলী খান, ভূমি মন্ত্রণালয়ের আ ন ম বজলুল রশীদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এটিএম শাহজাহান ও শিক্ষা মন্ত্রণালয়ের মো. দানেশ মিয়া, কৃষি মন্ত্রণালয়ের মো. আব্বাস আলী খান, ঢাকা ভ্যাট কমিশনের রাজস্ব কর্মকর্তা (পিআরএল ভোগরত) শেখ মাহবুবুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রনজিৎ কুমার রায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মো. শফিকুল হক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মো. রওশন আলম, মো. আবু হোসেন মিয়া, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একেএম জালাল ও হাশেম আলী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মো. মজিবুর রহমান ও একেএম হাবিবুল্লাহ, ওএসডি উপ-সচিব শেখ আলাউদ্দিন, মোহাম্মদ আলী, চট্টগ্রাম রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সোলায়মান চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মো. জয়নাল আবেদীন, কেএ নিজাহার উদ্দীন, কর অঞ্চল-২-এর  মো.  দেলোয়ার  হোসেন,  মো. নুরুন্নবী পাটোয়ারী, যমুনা ওয়েল কোম্পানির সাবেক ম্যানেজার মো. গোলাম রব মোল্লা, সাতক্ষীরার আশাশুনি উপজেলা শিক্ষা অফিসের মো. আবুল। সোনালী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার এটিএম আব্দুল হাই, পুলিশ (বেতার)  মো. সোলায়মান বিশ্বাস, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের মো. হারুন অর রশীদ খান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের মো. শাহযাদ আযীম, এমএ মজিদ, মো. নূর ইসলাম, মো. বেলাল হোসেন ও মো. আব্দুল মালেকের সনদ বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে আরও ১১৬ জনের  গেজেট ও মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়। এ নিয়ে ১৫১ জনের সনদ বাতিল হল।
আরও পড়ুন

সর্বশেষ