রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়লন্ডনে আজ বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক

লন্ডনে আজ বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক

লন্ডনে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ওই বৈঠকে অংশগ্রহণ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে ওই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল ২০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেন শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৫ জানুয়ারির নির্বাচনের পর এটিই হচ্ছে প্রধানমন্ত্রীর কোনও পশ্চিমা দেশ সফর। প্রথমবারের মতো পালিত আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে এ সফর হলেও ঢাকার জোর প্রচেষ্টা মূলত ক্যামেরনের সঙ্গে বৈঠক অনুষ্ঠানে। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশটির এক ধরনের আপত্তি থাকায় তা প্রশমনেও জোর প্রচেষ্টা থাকবে সরকারের পক্ষ থেকে। এছাড়া ওই বৈঠকে বাংলাদেশের দ্বিপক্ষীয় সবগুলো বিষয়সহ ঢাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমাদের অপরিবর্তিত মনোভাবের মধ্যে হাসিনা-ক্যামেরনের এ বৈঠক নিয়ে আলোচনা চলছে ঢাকার কূটনীতিক মহলেও। কূটনীতিকরা বলছেন, এ বৈঠকের মাধ্যমে পশ্চিমাদের মনোভাবের কোনও পরিবর্তন হচ্ছে- এমনটি বলা না গেলেও তা ঢাকার জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক হতে পারে। ভারত-চীন-রাশিয়া-জাপানের সমর্থনলাভের পর সরকারের পশ্চিমা সমর্থন প্রয়োজন ছিল। ব্রিটেন সফরের মাধ্যমে এই সমর্থনলাভের পথ কিছুটা হলেও মসৃণ হতে পারে বলে তাদের ধারণা। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মহিলা ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি রয়েছেন।
ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) এবং শিশু, বাল্য ও  জোরপূর্বক বিবাহ (সিইএফএম) অবসানে যুক্তরাজ্য সরকার ও ইউনিসেফ আয়োজিত ওই সম্মেলনে বাংলাদেশের কন্যাশিশুদের অধিকার সুরক্ষায় সরকারের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এই বৈঠক বালিকাদের বাল্য ও জোরপূর্বক বিবাহ বন্ধ, নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান, নিরাপদ শিশু জন্মদান, নারীর কর্মসংস্থান, শিা এবং ভূমি ও উত্তরাধিকারপ্রাপ্তিতে আইন সংস্কারেও সহায়তা করবে। বাংলাদেশসহ বিশ্বের ৫২টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দিচ্ছেন। এছাড়া শেখ হাসিনা যুক্তরাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী ও পার্লামেন্টে বিরোধী দলের ছায়ামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এদের মধ্যে রয়েছেন- যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়নবিষয়ক মন্ত্রী জাস্টিন গ্রিনিং ও ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডগলাস আলেকজান্ডার।
প্রধানমন্ত্রীর একটি উচ্চপর্যায়ের অধিবেশনে যোগদান এবং বার্কিনা ফাসোর ফার্স্টলেডি চান্টাল কম্পাওরে ও পাকিস্তানের বিখ্যাত শিানুরাগী মালালা ইউসুফ জাইয়ের সঙ্গে আলোচনার কর্মসূচি রয়েছে। উচ্চপর্যায়ের অধিবেশনটি সঞ্চালন করবেন ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক।
এদিকে গতকাল ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসরকারি বিমানচলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ প্রমুখ। এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া, তিন বাহিনীর প্রধান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফর শেষে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ