২০১৪-১৫ অর্থবছরের জন্য কৃষি ঋণের লক্ষ্যমাত্রা সাড়ে ১৫ হাজার কোটি টাকা ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। নীতিমালার আলোকে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে মোট ১৫ হাজার ৫৫০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য বেধে দেয়। যা আগের বছরের চেয়ে প্রায় হাজার কোটি টাকা বেশি।
নীতিমালার আলোকে বলা হয়, পুরনো ৪৭টি ব্যাংকের জন্য লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হচ্ছে, ব্যাংকের মোট ঋণের ন্যূনতম ২ শতাংশ। তবে নতুন কার্যক্রমে আসা ৯টি ব্যাংকের জন্য এই হার সামান্য বেশি। তাদের প্রদত্ত ঋণের ৫ শতাংশ কৃষি খাতে বিতরণ করতে হবে। বলা হয়, লক্ষ্যমাত্রা চূড়ান্ত করার আগে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরের জন্য কৃষি ঋণ নীতিমালায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা। যা আগের অর্থবছরে ছিলো ১৪ হাজার ১৩০ কোটি টাকা।
নীতিমালায় বলা হয়, কৃষি উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকারের বাজেট নীতির সঙ্গে সঙ্গতি রেখে বরাবরের মতো এবারের কৃষি ঋণ নীতিমালা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, এতে কৃষকরা আরও সহজে ঋণ পাবে।




