শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মানকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত। রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো.মশিউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৩ জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য একই আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম শাহজালাল ব্যাংকের পরিচালক মোহাম্মদ সোলায়মানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড চেয়েছিলেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
চলতি বছরের ১৩ এপ্রিল নগরীর কোতোয়ালী থানায় শাহজালাল ব্যাংক কর্তৃপক্ষ মোহাম্মদ সোলায়মানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করে। মামলাটি পরে দুদকের সিডিউলভুক্ত হয়। গত ২৬ জুন ওই মামলায় সোলায়মানকে ঢাকার বিজয়নগরের আকরাম টাওয়ার থেকে সোলায়মানকে গ্রেফতার করা হয়।




