রাজধানীর মিরপুর থানায় পুলিশ হেফাজতে নির্যাতনে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমানের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ নির্দেশ দেন। এর আগে সকালে নিহত মাহবুবুরের স্ত্রী মমতাজ সুলতানা বাদী হয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মামলার নথি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ, উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমানসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ১৩ জুলাই রাত সোয়া ১২টার দিকে বাদীর স্বামী মাহবুবুর রহমান ওরফে সুজনকে মিরপুর মডেল থানার পুলিশ ধরে নিয়ে যায়। তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে পুলিশ। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে তাঁকে নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে মাহবুব জ্ঞান হারিয়ে ফেলেন। বাদী মমতাজ তাঁর শিশুপুত্রকে নিয়ে থানায় যান। স্বামীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁকেও ভয়ভীতি দেখিয়ে আলাদা একটি কক্ষে আটকে রাখা হয়। এ সময় পাশের কক্ষ থেকে স্বামীর চিত্কার শুনতে পান তিনি। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে স্বামীর লাশ দেখতে পান। আদালতে বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় আইনজীবী মহিলা সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী।




