শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রিসভা

ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রিসভা

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যার তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রিসভা। এ হামলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নিন্দা প্রস্তাব পাস হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গাজায় ইসরায়েলের যে হামলা চলছে, তা মানবিকতার চরম লঙ্ঘন। মন্ত্রিসভা এর নিন্দা জানিয়েছে। এ ছাড়া আজকের বৈঠকে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণী সালিসি ট্রাইব্যুনালের রায় সম্পর্কে অবহিত করা হয়। এই সভা থেকে সমুদ্র থেকে সম্পদ আহরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে একটি সমন্বিত প্রচেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, সমুদ্রসীমার রায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ ব্রিফিং করবেন। তবে ওই সংবাদ ব্রিফিং কবে, কখন অনুষ্ঠিত হবে—তা ঠিক হয়নি।

এ ছাড়া আজকের সভায় বাংলাদেশ রেলওয়ে বোর্ড (রহিতকরণ) আইন ২০১৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে আজকের সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমীন চৌধুরীর অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করার প্রস্তাব দেওয়া হলেও সেটি প্রত্যাহার করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী অনুমোদন দিলেও স্পিকারের অনুমোদন বাকি থাকায় প্রত্যাহার করা হয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ