বগুড়ার ধুনটে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার বড়চাপড়া গ্রামের মাজেম আলীর ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চিকাশি ইউনিয়নের বড়চাপড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর বড়চাপড়া বাজারে জেনারেটর থেকে বিদ্যুত্ নিয়ে মুদিখানা ব্যবসাপ্রতিষ্ঠানে আলো জ্বালাতেন। আজ সন্ধ্যায় ওই ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। ফলে মিজানুর নিজেই দাঁত দিয়ে সেই তার জোড়া দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে তাত্ক্ষণিকভাবে স্বজনেরা তাঁকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক মাজেদুর বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মিজানুর মারা যান। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মিজানুর রহমানের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাঁর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।




