জেলার পুষ্পপাড়ায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আওয়ামী লীগের তিন কর্মী নিহত ও দুইজন আহতের মধ্যে রফিকুল ইসলাম মারা গেছেন। রোববার ভোর ৬টার দিকে তিনি ঢাকা নেয়ার পথে মারা যান। নিহত রফিকের মামাতো ভাই রতন জানান, গুলিবিদ্ধ মামুন ও রফিকুলকে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গুরুতর অবস্থায় রফিকুলকে রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় নিয়ে যাবার পথে সিরাজগঞ্জের বেলকুচিতে ভোর ৬ টার দিকে তিনি মারা যান।
ঢাকা-পাবনা মহাসড়কের ধর্মগ্রাম এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ করে রেখেছে। এরফলে যান চলাচল বন্ধ রয়েছে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। গত শনিবার জেলা সদরের পুষ্পপাড়ায় রাত পৌনে ৯টার দিকে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগের তিন কর্মী ফজলু (৩৫), সালাম (৩৬) ও সুলতান (৩৮) নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হন মামুন ও রফিকুল নামে আরো দুই জন।
রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ কর্মী ফজলু, সালাম আর সুলতান পুষ্পপাড়া বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৫/৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এরপর তারা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।




