সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মানুষকে নিরাপত্তা দিতে জনপ্রতিনিধিত্বমূলক সরকার দরকার : মওদুদ

মানুষকে নিরাপত্তা দিতে জনপ্রতিনিধিত্বমূলক সরকার দরকার : মওদুদ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠায় যদি সরকার (আওয়ামী লীগ) অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেয় তাহলে বিএনপি সহযোগিতা করবে। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা- জাসাস।

মওদুদ আহমেদ বলেন, নারায়ণগঞ্জ ও ফেনীতে যে ঘটনা ঘটেছে এতে দেশের মানুষ আতঙ্কে রয়েছে। দেশে এক অরাজকতার সৃষ্টি হয়েছে। এই মুহুর্তে দেশে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার দরকার। তা নাহলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। আইন-শৃঙ্খলার অবনতি হবে। আওয়ামী লীগ আওয়ামী লীগে খুনোখুনি হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষকে নিরাপত্তা দিতে জনপ্রতিনিধিত্বমূলক সরকার দরকার। আপনারা যদি এ সরকার গঠন না করেন, এদেশের মানুষ বসে থাকবে না। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জনআন্দোলনে নামবেন। নজরুলকে অনুপ্রেরণা উল্লেখ করে তিনি বলেন, নজরুলের গান ও সাহিত্য সারা ভারতবর্ষকে অনুপ্রেরণা যুগিয়েছে। আজ দেশের যে অবস্থা, নজরুল বেঁচে থাকলে লেখনির মাধ্যমে আন্দোলন গড়ে তুলতেন। কবি নজরুলকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা না দেওয়ায় ক্ষোভও প্রকাশ করেন তিনি।

দেশে আজ রাজনৈতিক অরাজকতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ অরাজকতা থেকে দেশকে ফিরিয়ে আনতে হবে। জনপ্রতিনিধিত্ব সরকারের প্রতিনিধি যেই হোক, দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। জেদাজেদি না করে সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান মওদুদ।

জাসাস সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাসাদের সহ সভাপতি রিজিয়া পারভীন, সাধারণ সম্পাদক মনির খান,  ড. খলিলুর রহমান, আবু সালেহ, বিএনপির কেন্দ্রীয় নেতা রেজাউদ্দৌলা প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ