ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিআরটিসিতে (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন) বর্তমান কতটি গাড়ি রয়েছে এবং এ প্রতিষ্ঠানটি লাভজনক কী না তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। সম্প্রতি বিআরটিসি নতুন গাড়ি কেনার প্রস্তাব করায় কমিটি জানতে চেয়েছে নতুন গাড়ি কেনার আগে বর্তমানগুলোর অবস্থান জানাতে হবে। এছাড়া যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্পে ব্যবহৃত গাড়ির হিসাবও জানতে চায় কমিটি।
রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে বিকেলে সংসদ ভবনে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে বিআরটিসির আয়-ব্যয়ের হিসাবও চেয়েছে কমিটি। একই সঙ্গে প্রতিষ্ঠানের লাভ ক্ষতির হিসাবও জানতে চায় কমিটি। সকল প্রকার অবৈধ ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রদান পদ্ধতি আধুনিকায়নের লক্ষ্যে একটি সময়োপযোগী ‘ম্যানুয়াল’ তৈরির সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০১৪ অর্থবছরে উন্নয়ন খাতের আওতায় ২০২ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ, ৯৮ কি:মি: সড়ক ৪ লেনে উন্নীতকরণ, ১ হাজার কি:মি: সড়ক পুন: নির্মাণ, ৫ হাজার ৪৫ মি: কনক্রিট সেতু এবং ৩ হাজার ৩৬০ মিটার আরসিসি কালভার্ট নির্মাণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিকেলে কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, কমিটির সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহমেদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা। এছাড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।




