শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে ভারতের নির্বাচন যেন বিএনপির নির্বাচন

বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে ভারতের নির্বাচন যেন বিএনপির নির্বাচন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ভারতের নির্বাচন নিয়ে বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে এটি বিএনপির নির্বাচন, মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার বিকেলে রাজধানীর শাজাহানপুর মাহবুব আলী মিলনায়তনে ‘শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ।

ভারতের নির্বাচন নিয়ে করা মির্জা ফখরুল ইসলামের মন্তব্যের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, তিনি (ফখরুল) খুবই শিক্ষিত মানুষ। কিন্তু কথাবার্তায় মনে হয় তিনি ভারতের ইতিহাস কোনদিন পড়েননি। ১৯৯৬ সালে ৩০ বছরের জন্য বাংলাদেশ-ভারত গঙ্গার পানি চুক্তি হয়। সেই সময় কংগ্রেস ক্ষমতায় ছিলো না। তাই বিজেপি ক্ষমতায় আসলেও বর্তমান সরকারে এর কোন প্রভাব পড়বে না।

বিজেপি সরকারের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, বিজেপি নেতা অটল বিহারী ‍বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময় আমরা ২৩টি পণ্যের ডিউটি ফ্রি মার্কেটের পারমিট পেয়েছিলাম। বাংলাদেশ-কলকাতা বাস চালু হয় বিজেপি ক্ষমতায় থাকার সময়। এসব চুক্তি আ.লীগ দলের সঙ্গে নয় ভারত সরকারের সঙ্গে করেছে। তিনি বলেন, ভারত সব সময় আমাদের প্রতিবেশী। মুক্তিযুদ্ধের মাধ্যমে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় ভারতে গিয়ে লাল গালিচা সংবর্ধনা পেয়েছিলেন। সেই সময় কংগ্রেস ক্ষমতায় ছিলেন। ফখরুলদের এসব অধ্যয়ন করা উচিত। বিএনপি ষড়যন্ত্রে ব্যস্ত অভিযোগ করে মন্ত্রী বলেন, ষড়যন্ত্র করে বিএনপি নিবার্চনে আসেনি। কিন্তু ষড়যন্ত্র থেমে থাকেনি। খালেদা জিয়াকে নির্বাচনের জন্য ২০১৯ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলে তিনি বলেন, ‘নির্বাচন ঠেকাতে আপনি কম ষড়যন্ত্র করেননি। তাই ধৈর্য্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে।’

খালেদা জিয়ার সমালোচনা করে তোফায়েল আরও বলেন, ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে আমরা গিনেজ বুকে রেকর্ড গড়লাম। তিনি বললেন উনি গণঅভ্যুত্থান করে গ্রিনিজ বুকে নাম উঠাবেন। গণঅভ্যুত্থান কী জিনিস আপনি দেখেন নাই।’ সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ