ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ডুবে যাওয়ার তিন দিন পর অবশেষে জলের ওপর ভাসানো হলো এমভি মিরাজ-৪। তবে এখনো পর্যন্ত এর ভেতরে কোনো লাশ আছে কিনা জানা যায়নি। লঞ্চ ডুবির পর থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চেষ্টায় শনিবার দুপুরে এমভি মিরাজকে জলের ওপর ভাসানো গেছে।
এর আগে সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান শামসুদ্দোহা আনুষ্ঠানিকভাবে এ উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। কিন্তু মুন্সীগঞ্জ-৩ আসনের সরকার দলীয় এমপি ও জেলা প্রশাসনের আপত্তির মুখে সোয়া এক ঘণ্টা পর অবশেষে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণার প্রত্যাহার করেছে বিআইডব্লিউটিএ। স্থানীয় সূত্র জানায়, এখনও অনেক যাত্রীর সন্ধান পাওয়া যায়নি। স্বজনরা তাদের সন্ধানে গত ৩দিন ধরে মেঘনার পাড়ে চষে বেড়ালেও সন্ধান পায়নি স্বজনেরা।
বিষয়টিকে গুরুত্ব দিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক মৃনাল কান্তি দাস ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. সামছুজ্জোহ খন্দকারের সঙ্গে আলোচনা করেন এবং নিখোঁজ যাত্রীদের খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চালাতে চাপ প্রয়োগ করলে অবশেষে সমাপ্ত ঘোষণা দেওয়ার সোয়া এক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নিয়েছে বিআইডব্লিউটিএ।বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৫১ লাশের মধ্যে ৪৪ জনের লাশ শনাক্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তারা হলেন, জুলহাস হোসেন (৩৪), মোশারফ দেওয়ান (৩৫), জামাল শিকদার (৫০) ও তার ছেলে আবির (১১), সেতারা বেগম (৫৫), টুম্পা বেগম (২৬), শিশু মাহি, শিশু সুমনা, জলিল মালত (৫০), মানিক (১৪), আব্দুল্লাহ আল রেদওয়ান (৪০), রাফিয়া বেগম (৬০), খোরশেদ আলম খোন্দকার (৭৫), ওসমান গণি মোল্লা (৭০), ইসমাইল ফকির (৬০), কৃষ্ণ কমল দাস ৫০, আব্দুল জলিল (৫৫), তাসলিমা আক্তার রিয়া (২৫), রাশিদা বেগম (৫৬), লাইলী বেগম (৫৫), ঋতু (২৪), আব্দুল মান্নান দেওয়ান (৬৫), লক্ষ্মী দাস (৮৫), রজিয়া (৩২), শিশু রুমান, আব্দুল জলিল খান (৭০), মিন্টু সুখানী (৪০), মাসুম (৩৮), রিমা আক্তার (৩২), আহসানুল্লাহ কবিরাজ (৫৫), আরিফ রিসাত (১১), মিন্টু (২৭), রফিকুল ইসলাম (৪৫), নাঈম (১১), সায়েত ঢালী (৩৫), মেহরাজ খন্দকার (১২), শিরিন শিলা (২৪), আল আমিন (৭), সুমন বেপারি (২৭), বিউটি বেগম (২৩) লিটন মল্লিক (২৩), আব্দুুস সালাম(৪৫), মোহাম্মদ নুরুল ইসলাম সরদার(৪৫)।




